নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
উপজেলার দৌলতকান্দি রেলস্টেশনের পশ্চিম পাশে মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকার রেললাইন থেকে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে খণ্ড-বিখণ্ড মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতকান্দি স্টেশনের আনুমানিক ৫০০ গজ পশ্চিমে সকালে রেললাইনের ওপর অজ্ঞাত নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা দৌলতকান্দি স্টেশন মাস্টারকে খবর দেয়।
স্টেশন মাস্টারের বার্তায় পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে ঢাকাগামী কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহের টুকরোগুলো ঘটনাস্থলের ১০০ গজ পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। আর নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।