ওয়েবমেট্রিকস র‌্যাঙ্কিংয়ে বুয়েট ১৫৮৯তম, ঢাবি ১৬৬৮তম

উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিকস প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেড় হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা হয়নি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)।

দেশসেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৬টি পাবলিক ও ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

র‌্যাঙ্কিংয়ে জানুয়ারি ২০২২ সংস্করণে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে বুয়েট (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৫৮৯তম)।

র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৬৬৮তম) আর তৃতীয় অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৮১৫তম)।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২০৫৬তম হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দেশে চতুর্থ হয়েছে।

পঞ্চম রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২০৭৬), ষষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৪১৬), সপ্তম ব্র্যাক ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৪২৭), অষ্টম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৬৫৯), নবম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৭৬২) ও দশম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৯০২)।

ওয়েবমেট্রিক্সের এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। সেরা দশের নয়টিই যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান। সেরা দশে যুক্তরাষ্ট্রের বাইরের একমাত্র প্রতিষ্ঠান যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির অবস্থান পঞ্চম।

স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সিএসআইসি) একটি গবেষণা দল ২০০৪ সাল থেকে নিয়মিত এই র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে। জানুয়ারি ও জুলাই মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশের ৩১ হাজারের বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।