ভারতের গুজরাটের আহমেদাবাদে সিরিজ বিস্ফোরণ মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। এছাড়া ১১ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিশেষ আদালতের বিচারক এ আর প্যাটেল এ রায় দেন।
২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদ শহরে ৭০ মিনিটের মধ্যে ২১টি সিরিজ বোমা হামলায় ৫৬ জন নিহত হন। আহত হন ২০০ জনের বেশি।
১৩ বছরের বেশি সময় পর গত বছরের সেপ্টেম্বরে এই মামলার বিচারকাজ শেষ হয়। এ ঘটনায় প্রায় ৮০ জন অভিযুক্ত ছিলেন। গত ৮ ফেব্রুয়ারি গুজরাটের একটি আদালত তাদের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন এবং বাকি ২৮ জনকে খালাস দেন।
বিস্ফোরণে পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার দল ইন্ডিয়ান মুজাহিদীনের (আইএম) সঙ্গে জড়িতরা এ ঘটনা ঘটিয়েছেন।
২০১০ সালে আইএমকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পাশাপাশি নিষিদ্ধ করে ভারত সরকার।
আহমেদাবাদে ক্রমিক বিস্ফোরণের মামলার বিচারকাজ শুরু হয় ২০০৯ সালের ডিসেম্বরে। মামলায় মোট আসামি ছিলেন ৭৮ জন। আসামিদের মধ্যে একজন রাজসাক্ষী হন।