পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
মেলবোর্নে শুক্রবার লঙ্কানদের দেওয়া ১৪০ রানের লক্ষ্য ১১ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে অজিরা। এই জয়ে সিরিজে ৪-০ তে এগিয়ে গেল অ্যারন ফিঞ্চের দল।
এদিন টস জিতে প্রথমে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে উদ্বোধনী জুটিতে ৩৫ রান যোগ করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দানুস্কা গুনাথিলাকা।
১৭ বলে ১৭ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন গুনাথিলাকা। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৪১ রান যোগ করেন নিশাঙ্কা। দ্বিতীয় ব্যাটার হিসেবে দলীয় ৭৬ রানে আউট হওয়ার আগে ২১ বলে ২৭ রান করেন কুশল।
এরপর চারিথ আসালঙ্কাকে নিয়ে দলের স্কোর একশতে নিয়ে যান নিশাঙ্কা। দলীয় ১১০ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আসালঙ্কা আউট হওয়ার পর, চাপে পড়ে শ্রীলঙ্কা। পরবর্তী ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেনি অতিথি দলটি।
আসালঙ্কা ১৯ বলে ২২ রান করেন। সর্বোচ্চ ৪৬ রান করেন নিশাঙ্কা। তার ৪০ বলের ইনিংসে ছিল ৪টি চার। অস্ট্রেলিয়ার পক্ষে ঝাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন ২টি করে উইকেট নেন।
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। ৪৯ রানে তিন ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন। অ্যাস্টন আগার ৩১ বলে ২৬, বেন ম্যাকডারমট ৯ ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ২ রানে আউট হন।
চতুর্থ উইকেটে চাপ কাটিয়ে ৪৭ বলে ৭১ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিশ। ২০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করে ইংলিশ থামলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল।
৩৯ বলে ৩ বাউন্ডারিতে ৪৮ রানে অপরাজিত ছিলেন ম্যাক্সওয়েল। তার সাথে ৮ রানে অপরাজিত থাকেন মার্কাস স্টয়নিস। শ্রীলঙ্কার লাহিরু কুমারা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ম্যাক্সওয়েল।
একই ভেন্যুতে রবিবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।