নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা বিএনপির অভ্যাস অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপির কাছে ওই নির্বাচনই গ্রহণযোগ্য যাতে তাদের জয়ী ঘোষণা করা হয়। এটা গণতন্ত্র হতে পারে না।
তিনি শুক্রবার চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এদিন তিনি শহরের ষোলঘর চাঁদপুর টেকনিক্যাল স্কুল এ- কলেজের পঞ্চমতলা বিশিষ্ট একাডেমিক ভবন কাম ওয়ার্কশপের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
তিনি বলেন, গত কয়েক মাসে নির্বাচন প্রক্রিয়াকে সক্রিয়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য যতগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করেছে শেখ হাসিনা সরকার। এগুলো আমাদের দীর্ঘদিনের দাবি। বিএনপি-জামাত যখন ক্ষমতায় ছিল, তারা এসব কাজগুলো করেইনি বরং এখন নানা ধরনের কথা বলছে। তারা তখন নির্বাচনের নামে যে প্রহসন করেছে, তার কথা নাই বললাম। আজকে তারা যেসব কথা বলছে এটি সব সময়ই তাদের অভ্যাসগত ব্যাপার। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা।
শিক্ষামন্ত্রী বলেন, আজকে যা কিছু হচ্ছে সারা জাতির সামনে হচ্ছে। একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকল রাজনৈতিক দল ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে সরকার একটি নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে। বিএনপি সত্যিকারের রাজনৈতিক দল হলে উচিত ছিল এই প্রক্রিয়াতে সম্পৃক্ত হয়ে সেখানে অংশগ্রহণ করা। আবার তারা বলছেন, তারা কোন নাম দিচ্ছেন না, কিন্তু এই বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় এমনও মানুষ আছে যারা দলটির উপদেষ্টা কিংবা নানানভাবে জড়িত। তাহলে তারা যে নামগুলো দিচ্ছেন সেগুলো কি বিএনপির নাম নয়! বিএনপি সবকিছু নিয়ে সব সময় একটি লুকোচুরি, ধোঁয়াশা তৈরি করা এবং ঘোলা পানিতে মাছ শিকার করবার অপচেষ্টা চালায়। এটি জাতি এখন বুঝে এবং জানে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি জাতি এখন আর রাজনীতির নামে অপরাজনীতি চায় না। গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মর্যাদা বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে, মানুষ চায় তা অব্যাহত থাকুক। আর এসব শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস।