বিপিএল ২০২২: টুর্নামেন্ট সেরা সাকিব

ব্যাটে-বলে পুরো টুর্নামেন্টে ছিলেন দুর্দান্ত। টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নজিরও গড়েছেন। যদিও সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল শিরোপা জিততে পারেনি। ফাইনালে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ানের কাছে। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিবই।

শুক্রবার বিপিএলের অষ্টম আসরের ফাইনালে সাকিবের নেতৃত্বাধীন বরিশালকে ১ রানে হারায় কুমিল্লা। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫০ রান করতে পারে বরিশাল। ফলে ট্রফি জেতা হয়নি দলটির।

সাকিব ব্যাট হাতে ২৮৪ রানের পাশাপাশি ১৬ উইকেট দখল করে টুর্নামেন্ট সেরা হন। প্রতিযোগিতার আট আসরে এই নিয়ে চতুর্থবার টুর্নামেন্ট সেরা হলেন তিনি।

এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিবের অবস্থান ষষ্ঠ। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এই বাঁহাতি রয়েছেন তৃতীয় স্থানে।

আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস। ১১ ম্যাচে চার ফিফটিতে ৪১৪ রান করেছেন তিনি। কুমিল্লার মোস্তাফিজুর রহমান ১১ ম্যাচে ১৮ উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি।

আরো পড়ুন

রোমাঞ্চকর ফাইনালে চ্যাম্পিয়ন কুমিল্লা