ঝগড়ায় অন্তঃসত্ত্বা পুত্রবধূর পেটে লাথি, রক্তপাত দেখে শাশুড়ির আত্মহত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার রাতে পায়ের নুপুর নিয়ে পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে শাশুড়ি বিষপানে আত্মহত্যা করেছেন।

আত্মঘাতী হেনা আক্তার (৫০) উপজেলার রাওনা ইউনিয়নের ধুপাঘাট গ্রামের তফাজ্জল হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিহত হেনা আক্তারের সঙ্গে তার ছেলে আলামিনের স্ত্রী শিফার (২২) পায়ের নুপুর নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাশুড়ি হেনা আক্তার তার পুত্রবধূর পেটে লাথি দিলে নয় মাসের অন্তঃসত্ত্বা শিফার রক্তপাত শুরু হয়। রক্তপাত দেখে শাশুড়ি হেনা আক্তার ভয়ে বসতঘরের ভেতরে প্রবেশ করে বিষপান করেন।

স্বজনরা এসে হেনা আক্তারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় পুত্রবধূ শিফাকে স্বজনরা কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম বলেন, পায়ের নুপুরের জন্যই এই এ ঘটনা ঘটেছে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।