মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা

জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে থাকবে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখার পর ঢাকার পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরাসরি শহীদ মিনারে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন, না তাদের প্রতিনিধিদের মাধ্যমে ফুল দেবেন, তা এখনও ‘নিশ্চিত নয়’।

তবে আমরা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তারা আসবেন, সেটা ধরে নিয়েই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শহীদ মিনারের চার দিকের রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, চেকপোস্টের বাইরের এবং ভেতরের এলাকায় সিসি ক্যামেরা থাকবে।

র‍্যাব, ডিবি, সোয়াট, বম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা তল্লাশির পাশাপাশি পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকেও বিশেষ তল্লাশি করা হবে।

তিনি বলেন, শ্রদ্ধা নিবেদনের সময় কেউ কোনো ধরনের ব্যাগ বহন করতে পারবে না। নিজের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।

কোনো রাজনৈতিক ব্যানার-ফেস্টুনে ওই এলাকা ‘নোংরা’ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কেউ এসব ব্যানার-ফেস্টুন লাগালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর পুলিশ যৌথভাবে সেগুলো অপসারণ করবে।

বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের আলাদাভাবে শহীদ মিনারে আনা হবে বলে তিনি জানান।

শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার পথ ঠিক করে দিয়েছে ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’।

করোনাভাইরাস মহামারীর কারণে এবারও শ্রদ্ধা নিবেদনের জন্য লোকসমাগম সীমিত রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।