চুয়াডাঙ্গায় ইউএনও সেজে অভিযান, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

চুয়াডাঙ্গায় ইউএনও সেজে অভিযান চালিয়ে জরিমানা আদায়ের সময় রিন্টু মল্লিক নামে একজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। এ সময় তাকে গণধোলাই দেওয়া হয়।

শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকা থেকে তাকে আটক করা হয়।

রিন্টু মল্লিক (৪২) চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার নুরুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে নিজেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে ডিঙ্গেদহ বাজার এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা আদায় করতে থাকে রিন্টু মল্লিক। এ সময় একটি খাবারের দোকানে ২’শ টাকা জরিমানা করেন তিনি। পরে আরেকটি দোকানে গিয়ে মিষ্টি জব্দ করে তা বিনষ্ট করেন। এ সময় বিষয়টি সন্দেহ হলে তাকে জেরা করে স্থানীয়রা। সেসময় তাকে মারধরও করা হয়। পরে তাকে আটকে রেখে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানা হেফাজত নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে রিন্টু মল্লিককে আটক করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।