বিএনএস গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার প্রকাশক এন এ এম এইচ বুলুর দ্রুত জামিনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
আজ শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকায় কর্মরত সংবাদকর্মী ও বিএনএস গ্রুপ আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতারা এই দাবি জানিয়েছেন।
সাংবাদিক সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব কুদ্দুস আফ্রাদ বক্তব্যে বলেন, দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার প্রকাশক জেলখানায় আটক থাকায় পত্রিকাটিতে কর্মরত সংবাদকর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। এর ফলে ওই পত্রিকায় এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
কুদ্দুস আফ্রাদ আরও বলেন, দেশের সংবাদপত্রগুলোতে এই করোনাকালীন একধরনের অস্থিরতা চলছে। মহামারি করোনাকালীন জনাব বুলু প্রায় এক হাজার মানুষকে এক মাসের করে খরচ চালিয়ে আসছেন। তাই মানবিক বিবেচনায় তিনি জামিন চাইতেই পারেন। আজ সংবাদকর্মীসহ ওনার হাজার হাজার কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। তিনি জেলে থাকলে সাংবাদিকসহ কর্মচারীরা আরও বিপদে পড়বে। তাই বুলু সাহেবের দ্রুত জামিনে মুক্তি চাই।
কুদ্দুস আফ্রাদ বলেন, সরকার গণমাধ্যমকর্মী আইন করতে যাচ্ছেন। এই গণমাধ্যমকর্মী আইনে অনেক অসংগতি রয়েছে। এবার এই অসংগতি দূর করতে হবে এবং পরিচ্ছন্ন করতে হবে আইনটি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পত্রিকাটির প্রকাশক জেলখানায় আটক থাকায় দৈনিক সংবাদ প্রতিদিনের যে অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতা দূর করার জন্য এন এ এম এইচ বুলুকে জামিন দিয়ে গণমাধ্যম কর্মীদের বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।
সমাবেশে বিএনএস গ্রুপের জেনারেল ম্যানেজার মুকসেদুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেলখানায় আটক থাকায় বিএনএস গ্রুপের হাজার হাজার কর্মরত শ্রমিক কর্মকর্তা-কর্মচারী মাসের পর মাস বেতন থেকে বঞ্চিত হচ্ছে। সমাজসেবক এই শীর্ষ ব্যবসায়ী একটি ষড়যন্ত্রমূলক মামলায় জামিন নিতে গেলে আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করে বলেন জনাব এন এইচ এম বুলুকে জামিনে মুক্তি দিলে তিনি আদালতের নির্দেশনা মেনে চলবেন এবং বিএনএস গ্রুপের সংবাদকর্মীদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করে দেবেন।
সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজের সভাপতিত্বে জয়বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক নেতা লায়েকুজ্জামান, আবু সাঈদ, মেহেদী হাসান, ডিইউজে'র সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ডিইউজে'র প্রচার সম্পাদক আসাদুজ্জামান, সোহেল চৌধুরী, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সালাম মাহমুদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার প্রকাশক এনএমএইচ বুলর জামিনে মুক্তির দাবি জানিয়ে বলেন, সংবাদকর্মী ও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতার জন্য এনএমএইচ বুলর জামিনে মুক্তি জরুরি। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের ডাক দেওয়া দিয়ে দাবি আদায় করবে ছাড়বেন।