সার্চ কমিটির ওপর আস্থা নেই আকবর আলি খানের

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির করা সার্চ কমিটির ওপর আস্থা নেই বলে জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানে নাগরিক ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সেমিনারে আকবর আলি খান বলেন, সার্চ কমিটির ওপর সুশীল সমাজের নেতারা আস্থা প্রকাশ করেছেন, কিন্তু তার আস্থা নেই। সম্পূর্ণ নিরপেক্ষ মানুষ পাওয়া যাবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছা করলেই একটি ভালো নির্বাচন করতে পারবে না। এ জন্য নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, নির্বাচনে বেশির ভাগ ক্ষমতা দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের। তাদের সিদ্ধান্ত উল্টে দেওয়ার ক্ষমতা ইসির নেই।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন (জাতীয় নির্বাচনে) জেলা প্রশাসকেরা। আর প্রিসাইডিং কর্মকর্তা হন সরকারি ও এমপিওভুক্ত বেশির ভাগ শিক্ষক এবং ব্যাংক কর্মকর্তা। তারা জানেন পদে থাকতে হলে সরকারের কথা শুনতে হবে।

আকবর আলি খান আরও বলেন, রাজনীতিক দলগুলোরও সংস্কার করতে হবে। বেশির ভাগ দল গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আগামী জাতীয় নির্বাচনে সরকার ফলাফল বেহাত করতে তিনটি কাজ করছে। সেগুলো হলো- অনুগত লোকদের নিয়ে সার্চ কমিটি গঠন, অনুগত ও মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন গঠন এবং পেপার অডিট ট্রেইল ছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীন নির্বাচন হলে সেখানে ড. কামাল হোসেন বা আকবর আলি খানকে নির্বাচন কমিশনার করা হলেও ভোট সুষ্ঠু হবে না।

সেমিনারে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান, আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ বক্তব্য দেন।