বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ে ফিরেছে চট্টগ্রাম আবাহনী। টানা দুই ম্যাচ ড্র করার পর স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়েছে তারা। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে উত্তর বারিধারা।
শনিবার রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। দলটির পক্ষে গোল করেন পিটার থ্যাঙ্কগড ও অমিদ পাপালজাই। স্বাধীনতার পক্ষে ব্যবধান কমানো গোলটি জাহিদুল আলমের।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাকে একই ব্যবধানে হারায় বারিধারা। আরিফ হোসেন ও সুজন বিশ্বাস দলটির পক্ষে গোল করেন। মুক্তিযোদ্ধার পক্ষে ব্যবধান কমানো গোল সোমা ওতানির।
চতুর্থ রাউন্ড শেষে টেবিলের শীর্ষে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আকাশি-নীলদের পয়েন্ট ১০। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গত দুই আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
৮ করে পয়েন্ট তিন দলের- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর।
উত্তর বারিধারার পয়েন্ট ৪। মুক্তিযোদ্ধা এখনো কোনো পয়েন্ট পায়নি। ১২ দলের লিগে টেবিলের তলানিতে তারা।