পথচলা শুরু হলো বাংলাদেশ টাইগার্সের। জাতীয় দলের এ ছায়া দলটি কোনো সিরিজ খেলবে না, তবে নিয়মিত অনুশীলন ক্যাম্প করবে। এতে করে ক্রিকেটারদের আর বসে থাকতে হচ্ছে না। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা সর্বোচ্চ সুবিধা নিয়েই নিজেদের প্রস্তুত রাখতে পারবেন। ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে অনুশীলন চলবে ছায়া দলের। মূলত প্রোটিয়া সিরিজের প্রস্তুতির জন্যই এ সিরিজ। প্রথমবার ঘোষিত দলে আছেন ২৩ ক্রিকেটার। টেস্ট দলের সদস্যরা ছাড়াও বিপিএলে ভালো করা পেসারদের বেশি রাখা হয়েছে এই দলে।
বাংলাদেশ টাইগার্স প্রোগ্রাম এখন থেকে নিয়মিত চলবে। প্রতিবারই দলে পরিবর্তন আসবে। এখানে তিন ধরনের ক্রিকেটাররা সুযোগ পাবেন। জাতীয় দলের সিরিজ চলা অবস্থায় অন্য সংস্করণের খেলোয়াড় যারা ওই সিরিজে থাকছেন না তারা থাকবেন। একই সঙ্গে সম্প্রতি জাতীয় দলে খেলেছেন কোনো কারণে বাদ পড়েছেনএমন ক্রিকেটাররাও থাকবেন। আবার ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো খেলা ক্রিকেটাররাও এই প্রোগ্রামের অংশ হবেন। প্রথম প্রোগ্রামের পর মে থেকে দ্বিতীয় মেয়াদে বাংলা টাইগার্সের প্রোগ্রাম শুরু হবে।
এই প্রোগ্রামের জন্য ৯ জন কোচের একটি প্যানেলও ঠিক করা হয়েছে। বেশিরভাগই স্থানীয় কোচ। এবারের প্রোগ্রামে প্রধান কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল। আফতাব আহমেদ, সাবেক পেসার নাজমুল হোসেনও থাকছেন।
এবারের এই প্রোগ্রামের মূল মনোযোগ থাকবে দক্ষিণ আফ্রিকা সফর। ওই সিরিজের জন্যই বগুড়া স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। সবশেষ ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে একটি টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ও আসে সেবার। কারণ বাংলাদেশে ওই মাঠের পিচ বাউন্সনির্ভর। দক্ষিণ আফ্রিকা সফরের কথা মাথায় রেখে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের পরামর্শে বগুড়ার পিচকে ওই কন্ডিশনের মতো তৈরি করা হয়েছে। ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
বাংলাদেশ টাইগার্স ক্যাম্পের দল
মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাইম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, সৈয়দ খালেদ আহমেদ,
আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন।