চলতি প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ হয়েছে রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে। হোম ভেন্যুতে অভিষেকটা রাঙাতে পারেনি স্বাধীনতা ক্রীড়া সংঘ। কাল তারা ২-১ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনীর কাছে। মারুফুল হকের দল শুরুতেই এগিয়ে যায় ২ গোলে। শেষ দিকে এক গোল শোধ দিলেও পয়েন্ট নিশ্চিত করতে পারেনি আবাহনী ও শেখ জামালকে রুখে দেওয়া স্বাধীনতা। বরং শেখ রাসেল ও মোহামেডানের সঙ্গে আগের দু’ম্যাচে ড্র করা চট্টগ্রাম আবাহনী জয়ে ফিরেছে।
২৪ মিনিটে চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাঙ্কগডের নেওয়া সফল পেনাল্টিতে। ৭১ মিনিটে আফগান মিডফিল্ডার অমিদ পাপালজাই ব্যবধান দ্বিগুণ করেন। ৭৯তম মিনিটে জাহিদুল আলমের গোলে কেবল হারের ব্যবধানই কমেছে স্বাধীনতার। মারুফুল হকের দলের জয়ে ফেরার স্বস্তি অবশ্য ৮৫ মিনিটে উবে যায় নাইজেরিয়ান ফরোয়ার্ড উইলিয়াম এনকুলুলেকোর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হওয়ায়।
এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডয়ামে দিনের অন্য ম্যাচে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদকে ২-১ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে উত্তর বারিধারা। ৫৮ মিনিটে আরিফ হোসেন বারিধারাকে এগিয়ে নেওয়ার পর সুজন বিশ্বাস ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে ব্যবধান কমান জাপানিজ মিডফিল্ডার সোমা ওতানি। ফলে টানা চতুর্থ ম্যাচে হারের তিক্ত স্বাদ নিতে হয় মুক্তিযোদ্ধাকে।
চতুর্থ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড। গত দুই লিগের সেরা কিংস ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৮ করে পয়েন্ট করে আছে শেখ জামাল, মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর।