ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা। জানুয়ারিতে বিরাট কোহলি টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর টেস্ট অধিনায়কের পদটা ফাঁকাই ছিল। গত অক্টোবরেও ভারতের তিন সংস্করণের অধিনায়ক ছিলেন কোহলি। প্রথমে তিনি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়েন। এরপর ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। সেই অভিমানে দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট অধিনায়কত্ব ছাড়েন কোহলি। এরপর ধারাবাহিকভাবে কোহলির পরিবর্তে তিন সংস্করণের অধিনায়কত্বই পেলেন রোহিত শর্মা।
নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা ছাড়াও গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। গত কয়েকটি টেস্ট সিরিজে খারাপ খেলার কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে। বাদ পড়েছেন ইশান্ত শর্মা এবং ঋদ্ধিমান সাহাও। টেস্ট দলের সহ-অধিনায়ক ছিলেন রাহানে। টেস্ট দলে প্রিয়াঙ্ক পাঞ্চাল, শুভমান গিল, শ্রেয়াস আয়ার এবং জয়ন্ত যাদব আছেন। জায়গা ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিনও। টেস্ট দলে চমক বলতে উত্তরপ্রদেশের বামহাতি স্পিনার সৌরভ কুমার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও ঋষভ পান্থকে। ইনজুরির কারণে নেই লোকেশ রাহুলও। ফলে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জাসপ্রিত বুমরাকে। উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন সঞ্জু স্যামসন। দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজাও।