আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে চেকপোস্ট, সিসি ক্যামেরাসহ ছয় স্তরের ব্যবস্থা।
এসব তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, শ্রদ্ধা নিবেদনের সময় কেউ কোনো ধরনের ব্যাগ বহন করতে পারবেন না।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পুষ্পস্তবক অর্পণে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পুলিশ, সাদা পোশাকের পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট, পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), র্যাব ও সোয়াট টিম মোতায়েন থাকবে।
শফিকুল ইসলাম আরও বলেন, শহীদ মিনার এলাকার চারদিকে যেসব রাস্তা রয়েছে তার প্রত্যেকটিতে পুলিশের চেকপোস্ট থাকবে। চেকপোস্টের বাইরে ও ভেতরের এলাকায় ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা থাকবে। শহীদ মিনারকেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যেসব এলাকা, মেস, আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সেগুলোতে গতকাল রাত থেকে তল্লাশি শুরু করার কথাও জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের আলাদাভাবে শহীদ মিনারে আনা হবে। করোনার বিধিনিষেধের বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যেসব নির্দেশনা রয়েছে তা সবাইকে মেনে চলতে হবে।
শ্রদ্ধা নিবেদনে আগতদের সতর্ক করে শফিকুল ইসলাম বলেন, নিজের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ প্রতি বছর শহীদ মিনার এলাকা থেকে প্রচুর মোবাইল ফোন চুরি হয়। শত শত মানুষ লাইনে থাকে। এতে মোবাইল ফোন চুরির বিষয়টি ধরা পুলিশের পক্ষে কঠিন হয়ে যায়।
ডিএমপি কমিশনার বলেন, শ্রদ্ধা নিবেদন করতে যার যে পথ দিয়ে আসার কথা সে সেই পথ দিয়েই আসবেন। উল্টো কোনো পথ দিয়ে এসে সবার জন্য বিরক্তি তৈরি করবেন না, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না।’