নাটকীয় জয়ে সিটির অপরাজেয় যাত্রা থামাল কেন-সনরা

অতিরিক্ত সময়ে হ্যারি কেনের গোলে নাটকীয় জয় পেয়েছে টটেনহাম। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-২ ব্যবধানে হারিয়েছে স্পার্সরা।

এই গ্রীষ্ম মৌসুমে হ্যারির সঙ্গে চুক্তির চেষ্টা করেছিল সিটিজেনরা। কিন্তু ব্যর্থ হয় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সিটিও বুঝল কী রত্ন তারা হারাল। পেপ গার্দিওলার শিষ্যরা যখন ভাবছিল, যাক হার এড়ানো গেছে, তখনই দেয়ান কুলুসেভস্কির পাসে সব হিসেবে পাল্টে দেন কেন। টটেনহামকে এনে দেন জয়সূচক গোল।

স্পার্সদের হয়ে জোড়া গোল করেছেন ইংলিশ অধিনায়ক। তাদের প্রথম গোলটি দেয়ান কুলুসেভস্কির। দুটি গোলে অ্যাসিস্ট করেছেন সন হিয়ুং-মিন।

ম্যাচের চতুর্থ মিনিটে কুলুসেভস্কির গোলে এগিয়ে যায় টটেনহাম। ৩৩তম মিনিটে গুন্দোগান সমতায় ফেরান সিটিকে। ৫৯তম মিনিটে ফের আন্তনিও কন্তের দল এগিয়ে যায় কেনের গোলে। সিটিজেনরা সেই গোল শোধ দেয় অতিরিক্ত দ্বিতীয় মিনিটে। ভিএআর দেখে পাওয়া পেনাল্টি থেকে জাল খুঁজে নেন রিয়াদ মাহরেজ।

কিন্তু নাটক তখনো বাকি। অতিরিক্ত পঞ্চম মিনিটে ডি-বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া কুলুসেভস্কির ক্রসে হেডে টটেনহামের জয়সূচক গোলটি করেন কেন। সেই সঙ্গে লিগে ১৫তম ম্যাচ পর থামল সিটির অপরাজেয় জয়যাত্রা।

হারলেও অবশ্য প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে গার্দিওলার দল। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান ৬ পয়েন্ট। তবে এক ম্যাচ কম খেলেছে অলরেডরা। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সাতে টটেনহাম।