রোমেলু লুকাকুকে কেন ৯০+ মিনিট খেলালেন কোচ টমাস টুখেল, সেই প্রশ্ন উঠতেই পারে। ম্যাচের পুরো সময় ধরে মাঠে থেকেও বেলজিয়ান ফরোয়ার্ড বলে পাঁ ছোঁয়াতে পেরেছেন মাত্র ৭ বার।
তাতেই এক লজ্জার রেকর্ড গড়েছেন লুকাকু। ইংলিশ প্রিমিয়ার লিগে নির্ধারিত সময় পর্যন্ত খেলে তার চেয়ে এত কম কেউ বলে ‘টাচ’ করেননি।
ক্রিস্টাল বিপক্ষে যেন নিজের ছায়া হয়েই ছিলেন ২৮ বছর বয়সী তারকা। অবশ্য প্যাট্রিক ভিয়েরার শিষ্যদের বিপক্ষে ম্যাচটিতে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। ৮৯তম মিনিটে ব্লুজদের জয়সূচক গোলটি করেন হাকিম জিয়াচ।
ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত গোলের দেখা না পেলেও লুকাকুকে আক্রমণভাগে রেখে দেন টুখেল। প্রথমার্ধে মাত্র দু’বার বলে পা ছোঁয়াতে পেরেছেন বেলজিয়ান ফরোয়ার্ড। তার একটি আবার প্রথমার্ধের কিক-অফে।
২০০৩-০৪ মৌসুমে থেকে প্রিমিয়ার লিগের যে ডাটা সংরক্ষিত আছে, তাতে পুরো ম্যাচ খেলেও লুকাকুর চেয়ে কম বল ‘টাচ’ করতে পেরেছেন এমন খেলোয়াড় আর নেই।