জিয়ার হাত ধরে দেশে বিকৃত শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল: নৌ প্রতিমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে বিকৃত শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল বলে দাবি করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পঁচাত্তর পরিবর্তী প্রজন্মকে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি।

রবিবার রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সাড়ে তিন বছরের মাথায় বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে। পঁচাত্তর পরবর্তী আমাদের প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। দেশে একটি বিকৃত শিক্ষা ব্যবস্থা, অস্থির সামাজিকতা, লুটেরা অর্থনীতি এবং দুর্নীতিবাজ সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার হাত ধরে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের মানুষ সত্য ইতিহাস, মুক্তিযুদ্ধকে জানছে। বঙ্গবন্ধুর আদর্শ জানছে এবং জীবন থেকে শিক্ষা নিচ্ছে। বাংলাদেশ পৃথিবীতে এখন একটি সম্ভাবনার নাম। বাংলাদেশ একটি রোলমডেলের নাম।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গত ৩৪ বছর যাবৎ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ বাংলাদেশের শিশুদেরকে সঠিক ইতিহাস ও সত্যকে জানানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা সাংস্কৃতিক অঙ্গন ও খেলাধুলা অঙ্গনে বিশেষ ভূমিকা রাখছেন। এই পরিষদ গঠিত হয়েছিল বলেই আজকে বাংলাদেশ সত্য জানতে পারছে, শিশুদের মধ্যে ভালোবাসা ও প্রেম তৈরি হয়েছে বঙ্গবন্ধু তার পরিবারের প্রতি।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।