বাংলা একাডেমির ফেলো এবং জাতীয় সংসদের সাবেক সদস্য কবি কাজী রোজীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা নিবেদনের জন্য রবিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয় কাজী রোজীর মরদেহ।
এ সময় বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা’র নেতৃত্বে একাডেমির পক্ষ থেকে কবি কাজী রোজীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম. লোকমান, একাডেমির পরিচালক, উপপরিচালকসহ কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, শামসুন্নাহার চাঁপা, সায়েম খান।
জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি কবি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, কবি আসলাম সানী, কবি আমিনুর রহমান সুলতান, কবি শাহাদৎ হোসেন নিপু, কবি হানিফ খান প্রমুখ।
এ ছাড়া শ্রদ্ধা নিবেদনে অংশ নেন প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাহিদা বেগম, মুক্তিযুদ্ধ গবেষক অ্যাডভোকেট এ এস এম আব্রাহাম লিংকন, লেখক মলয়চন্দন মুখোপাধ্যায়, নবান্ন প্রকাশনীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
শ্রদ্ধা নিবেদন পর্বে প্রয়াত কাজী রোজীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি কাজী রোজীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. মোহাম্মদ হারুন রশিদ।