রাবিতে তিন দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী অমর একুশে গ্রন্থ মেলা শুরু হয়েছে।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বরে মেলার উদ্বোধন করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও কথাসাহিত্যিক জুলফিকার মতিন।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘মানুষের জ্ঞান অখণ্ড। আমরা সাহিত্যকে যেমন বিজ্ঞান থেকে আলাদা করতে পারি না তেমনি বিজ্ঞানকেও সাহিত্য থেকে আলাদা করতে পারি না। সাহিত্য আমাদের চেতনা উদ্দীপ্ত করে আর বিজ্ঞান যুক্ত আছে আমাদের জীবনযাপনে। চিন্তাশক্তির উন্মেষে বই সহায়ক ভূমিকা পালন করে। এ কারণে এ ধরনের বই মেলার আয়োজন মানুষের চিন্তার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।’

উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘এই মাসটি হচ্ছে আমাদের ভাষার মাস। এই মাসের ২১ তারিখে ভাষার জন্য জীবন দিয়েছে তরুণ শিক্ষার্থীসহ অনেকে। জীবনের জন্য সাহিত্য দরকার আর জীবন যাপনের জন্য বিজ্ঞান। তাই জীবনকে সুন্দর করতে সায়েন্স ক্লাবের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।’

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইসিটি সেন্টারের পরিচালক বাবুল ইসলামসহ অন্যান্য শিক্ষকেরা মেলা পরিদর্শন করেন।

মেলায় ৫টি স্টলে বাংলা সাহিত্য, ইসলামিক বই, অনুবাদ সাহিত্য এবং বিজ্ঞান বিষয়ক বইসহ মোট বারোশর অধিক বই রয়েছে। স্টলগুলো সকল পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।