হঠাৎ বৃষ্টিতে বইমেলায় বিড়ম্বনা

রবিবার ষষ্ঠ দিন বিকেলের পর হঠাৎ বৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটেছে বইমেলায়। এ সময় মেলায় আগতরা বিভিন্ন স্টলে আশ্রয় নেন। বৃষ্টিতে মেলার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়। তবে এতে কোনো ক্ষতি হয়নি বলে জানান প্রকাশকরা।

এ দিন মেলা চলে দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। মেলায় নতুন বই এসেছে ৮৯টি। এদিন বিকেল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বিশ্বশান্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জিয়া রহমান।

আলোচনায় অংশগ্রহণ করেন জালাল ফিরোজ ও খান মাহবুব। সভাপতিত্ব করেন শ্যামসুন্দর সিকদার। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার ও কবি ইকবাল আজিজ। 

আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মীর বরকত, অলোককুমার বসু, ফয়জুল্লাহ সাঈদ এবং আবৃত্তি সংগঠন ‘বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ’-এর শিল্পীরা। 

এ  ছাড়া লেখক বলছি  অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন কবি আসলাম সানী।

বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রঙ্গণে নির্মিত ভাষা শহীদ মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বক্তব্য প্রদান করেন বইমেলার সদস্য-সচিব ড. জালাল আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আসলাম সানী, হাসানাত লোকমান ও শাহাদৎ হোসেন নিপু। 

সোমবার শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২:৩০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হবে। বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা ২০২২। 

অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ফিরে দেখা: আমাদের ভাষা আন্দোলন শীর্ষক অমর একুশে বক্তৃতা ২০২২ প্রদান করবেন কবি আসাদ চৌধুরী। 

সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

এ দিন বইমেলার সপ্তম দিন। মেলা চলবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।