একাকিত্ব কাটাতে বৃদ্ধ-বৃদ্ধার বিয়ে

দুজনই বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। বিয়ে করা হয়ে ওঠেনি বৃদ্ধের। বৃদ্ধার স্বামী অনেক আগেই মারা গেছেন। একমাত্র মেয়েও নিজের স্বামী-সংসার নিয়ে ব্যস্ত। তাই নিঃসঙ্গতা ঘোচাতে বিয়ের সিদ্ধান্ত নেন বানারীপাড়া উপজেলার বাসিন্দা আশরাফ আলী ব্যাপারী (৬২) ও মোসাম্মৎ বানু বেগম (৫৪)।

গত শনিবার রাতে ঘটা করে ১ লাখ ১ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। স্ত্রীকে নগদ ৫০ হাজার টাকা দেনমোহর পরিশোধও করেন আশরাফ। নবদম্পতিকে শুভেচ্ছা ও শুভকামনা জানান স্থানীয়রা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত সবাইকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক টুকু জানান, আশ্রয়ণ প্রকল্পে আশরাফ আলী বেশ একাকিত্ব জীবন কাটাতেন। একই প্রকল্পের বাসিন্দা বানু বেগমও স্বামীর মৃত্যুর পর মেয়ে-জামাইয়ের সঙ্গে থাকলেও নিঃসঙ্গ জীবন কাটাতেন। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ের সম্মতিতে শনিবার রাতে ঘটা করে বিয়ে দেওয়া হয়। আশরাফ আলী বলেন, ‘বয়স যখন কম ছিল, তখন ভাবিনি। এ বয়সে এসে নিঃসঙ্গতার কষ্ট অনেক বেশি অনুভব করছিলাম। সময়মতো খাওয়া-দাওয়া হতো না। নিজের কথা কাউকে খুলে বলতে পারতাম না। এখন দেরিতে হলেও মনের মধ্যে যে কষ্ট ছিল, তা দূর হলো।’