নারায়ণগঞ্জে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় একটি আবাসিক এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রবিবার দুপুরে চাকদা এলাকার গাড়িচালক আবদুল বাতেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে সাতজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে রাজধানীর বারিধারায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। তারা হলেন আশিক সাদেক ও জিসান। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, আশিকের ৮০ শতাংশ ও জিসানের ৮ শতাংশ পুড়ে গেছে। এর মধ্যে আশিকের অবস্থা আশঙ্কাজনক।