ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গাড়ির সিলিন্ডার থেকে গ্যাস অপসারণের সময় বিস্ফোরণে দগ্ধ দুইজন মারা গেছেন।

সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুজন হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ ব্যাপারীবাড়ি এলাকার জজ মিয়া (৫১) ও আলম হোসেন (৪০)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, জজ মিয়া ও আলম হোসেনের শরীরের ৮০ থেকে ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ ব্যাপারীবাড়ি এলাকায় ট্রাকচালক আবদুল বাতেন মেরামতের জন্য একটি গাড়ির সিলিন্ডার থেকে গ্যাস অপসারণ করছিলেন।

সেখানে হঠাৎ অপর ট্রাকচালক আলম হোসেন সিগারেট জ্বালাতে গেলে আগুনের সংস্পর্শে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১০ জন দগ্ধ হন।

আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুসহ সাতজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ট্রাকচালক আলম হোসেন ও জজ মিয়ার মৃত্যু হয়েছে।