গীতি-আলেখ্য, ফটোগ্রাফি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার স্কলাসটিকা স্কুলের বিভিন্ন শাখায় অনলাইনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কলাসটিকার উত্তরা সিনিয়র শাখা বিশেষ ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করে। এতে বিজয়ী পাঁচজনের নাম ঘোষণা করা হয়।
এছাড়া ‘প্রভাত ফেরির গান’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ‘একুশে ফেব্রুয়ারি’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন।
মিরপুর সিনিয়র শাখা আয়োজিত অনুষ্ঠানে পরিবেশন করা হয় ‘ভাষার কথা’ শিরোনামে একটি গীতি-আলেখ্য। এতে নাচ গান ও আবৃত্তির মাধ্যমে বায়ান্নর ভাষা শহীদদের আত্মত্যাগের গর্বিত ইতিহাস তুলে ধরা হয়।
গুলশান জুনিয়র শাখায় শহীদ দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। তিনি তার বক্তব্যে মাতৃভাষা জানা ও শেখার গুরুত্ব তুলে ধরেন।
ধানমন্ডি শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি এক ভিডিও বার্তায় একুশের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চিত্র প্রদর্শনের পাশাপাশি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া উত্তরা জুনিয়র শাখাও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কলাসটিকার শিক্ষার্থীরা নাচ গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।
এসব অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার প্রিন্সিপাল ফারাহ্ সোফিয়া আহমেদ, মিরপুর শাখার প্রধান নুরুন নাহার মজুমদার, শিক্ষা-কার্যক্রমের প্রধান সাবিনা মোস্তফা, ধানমন্ডি শাখার প্রধান রুমানা করিম, গুলশান শাখার প্রধান সৈয়দা ফারদাহ ফারহানা আলম ও উত্তরা জুনিয়র শাখা প্রধান সাজিয়া ইয়াসমিন প্রমুখ।
বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অনলাইনে এসব অনুষ্ঠান উপভোগ করেন।