ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করায় কারাগারে মহিলা আ.লীগ নেত্রী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অন্য ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে আদালতের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করায় মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা হক রাখিকে (৫৩) আদালতের সিল জাল করে প্রতারণা করায় কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে সিরাজগঞ্জের আমলি আদালতের বিচারক জিয়াসমিন সুলতানা ওই নেত্রীকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এর আগে ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে ওই নেত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

এ বিষয়ে মামলার বাদী উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের রফিকুল ইসলাম জানান, পঞ্চক্রোশী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা হক রাখি পূর্ব বিরোধের জেরে আমিসহ অন্য ব্যক্তিদের হয়রানির উদ্দেশ্যে আদালতের সিল স্বাক্ষর জাল করে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করেন। এ ছাড়া ওই নেত্রীর বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রীবলী ইসলাম কবিতা জানান, রাখি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনার বিষয়ে আমার জানা নেই।

এ বিষয়ে সিরাজগঞ্জের সিআইডির এসআই জুলহাস আলী মৃধা জানান, আদালতের পিটিশন মামলার অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় রাখি ও অপর প্রতারক মাজেদুল হক মজনুর বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।