কুমিল্লার চান্দিনায় পারিবারিক কলহের জেরে তিন মাস ১০ দিন বয়সী উম্মে সাইফা নামের এক শিশুকন্যাকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
সোমবার সকাল ৯টায় উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার দুপুরে মা ছামিয়া আক্তার বকুলকে (২০) আটক করে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
এ বিষয়ে নিহত শিশুর পিতা মো. ওমর ফারুক বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে ছামিয়া আক্তার বকুলের সঙ্গে একই ইউনিয়নের খৈছাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. ওমর ফারুকের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। তিন মাস আগে বকুল কন্যাসন্তানের জন্ম দেন। পারিবারিক কলহের কারণে গত কয়েক সপ্তাহ ধরে সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন বকুল।
রবিবার স্থানীয়ভাবে সালিশে বকুলকে স্বামীর বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সোমবার সকালে বকুল তার শিশুকন্যাকে শালচর এলাকার একটি ডোবার পানিতে ফেলে দেন। পরে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, শিশুটির মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পানিতে ফেলে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।