নেপালে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ চরমে

যুক্তরাষ্ট্রের অর্থায়নের একটি প্রকল্পের বিরুদ্ধে নেপালে বিরোধী দলগুলো ব্যাপক বিক্ষোভ করছে। বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ সংস্থা মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি) নেপালের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়। এই চুক্তির আওতায় নেপালকে ৫০০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে সংস্থাটি। যা ৩০০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ও সড়ক সংস্কার প্রকল্পে ব্যবহার করা হবে। তবে যুক্তরাষ্ট্রের এ প্রকল্পের বিরোধিতা করছে নেপালের দুইটি কমিউনিস্ট দল। যারা বর্তমান কোয়ালিশন সরকারের সঙ্গে কাজ করছে। সমালোচকদের দাবি, ওই চুক্তির মাধ্যমে নেপালের আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন করেছে সরকার। এটা ওয়াশিংটনের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ। এর মাধ্যমে আমেরিকান সেনা নেপালে প্রবেশের সুযোগ পাবে বলেও দাবি তাদের। তবে নেপালের নেতাদের আশ্বস্ত করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু উন্নয়নের জন্যই এমন চুক্তি করা হয়েছে। শুধু বিদ্যুৎ ও রাস্তা প্রকল্পেই এ অর্থ ব্যয় করা হবে বলেও জানান তারা।

জানা গেছে, শত শত বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা ও পাথর ছুড়েন।