ফাগুনের শিলা বৃষ্টিতে দুই জেলায় ফল-ফসলের ক্ষতি

ফাল্গুনের শিলাবৃষ্টিতে দুই জেলার বিভিন্ন এলাকায় বসতবাড়িসহ ফসল ও ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ঠাকুরওগাঁওয়ে এবং সাড়ে ৫টার দিকে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। তবে সংশ্লিষ্ট এলাকার কৃষি অফিস জানিয়েছে, এখনো তারা তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি। 

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, গতকাল বিকেল ৪টার পর থেকে জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি শুরু হয়। দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে গাছপালাসহ জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে আমের মুকুল, গম, ভুট্টাসহ ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। শিলাবৃষ্টি ও দমকা হওয়ার কারণে ব্যাহত হয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা।

লালমনিরহাট প্রতিনিধি জানান, বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ করেই শুরু হয় শিলাবৃষ্টি। লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলাসহ জেলার বেশ কিছু এলাকায় মাঝারি ধরনের শিলাবৃষ্টি হয়েছে। প্রায় এক মিনিটের এই শিলাবৃষ্টিতে ফল-ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এর হিসাব পাওয়া যায়নি।