সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) যাত্রীদের বিমানবন্দরে ছয় ঘণ্টা আগে করোনার পিসিআর টেস্টের বাধ্যবাধকতা মঙ্গলবার থেকে প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান স্বাক্ষরিত নির্দেশিকায় এ কথা বলেছেন।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে ইউএই-গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ছয় ঘণ্টা পূর্বে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সংক্রমণ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে করোনার বিধিনিষেধ আর থাকছে না। খুলছে স্কুল-কলেজও।
ওমিক্রন সংক্রমণে রাশ টানতে নতুন বছরের শুরুতেই ৪ জানুয়ারি ১৫ দফা নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমে নিরুৎসাহিত করা হয়। ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয় ১১টি বিধিনিষেধ। পরে তা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।