তারকাদের গোপন জীবন বা অপ্রস্তুত অবস্থা প্রকাশ্যে আনাই পাপারাজ্জিদের অন্যতম কাজ। তাই দুই পক্ষের মধ্যে সম্পর্ক বেশির ভাগ সময় তিক্ত। মাঝে মাঝে মধুর না হয়, এমন তো নয়! এই যেমন; বলিউডের নব দম্পতি ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর।
বিবাহিত যুগল হিসেবে সোমবার প্রথমবার পাপারাজ্জির ক্যামেরায় ধরা দিলেন তারা। করিয়েছেন মিষ্টিমুখও।
এ দিন ফারহান পরেছিলেন সোনালি রঙের পাঞ্জাবি ও জওহর কোট। নববধূ শিবানী সেজে উঠেছিলেন বেইজ রঙের এমব্রয়ডারি শাড়িতে। তার কানে ও গলায় মানানসই ভারী গয়না। হাতে একাধিক অলংকার। দুজনের মুখেই ঝলমলে হাসি। শুভ কাজের পর পাপারাজ্জিকেও মিষ্টি মুখ করিয়েছেন তারা।
১৯ ফেব্রুয়ারি খন্ডালায় ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে একে অপরের নামে শপথ নিয়ে বিয়ে করেছেন ফারহান-শিবানী। পরিবার-পরিজনদের সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন হৃতিক রোশন ও রিয়া চক্রবর্তীর মতো তারকারা। বিশেষ দিনে লাল রঙের গাউনে সেজেছেন শিবানী। নিজের জন্য কালো স্যুট প্যান্ট বেছে নিয়েছিলেন ফারহান। নাচগান থেকে খাওয়াদাওয়া— তালিকা থেকে বাদ পড়েনি কিছুই।