ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিচ্ছে বানৌজা ওমর ফারক

ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে মোংলার দিগরাজ নৌঘাঁটি থেকে ছেড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ওমর ফারক।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দিগরাজ নৌঘাঁটি থেকে এ যুদ্ধ জাহাজটি ছেড়ে যায়।

এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন উপস্থিত থেকে জাহজটিকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানান।

এছাড়া এ সময় নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, যুদ্ধ জাহাজ ওমর ফারুকে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন জানান, ভারতের বিশাখাপত্তনমে আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে ৪ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিবে এ জাহাজটি।

যুদ্ধ জাহাজ ওমর ফারুকের অধিনায়ক ক্যাপ্টেন এ. বি. এম জাকিউল হাসান ভুঁঞায়ার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৮৪ জন নৌবাহিনীর সদস্য জাহাজে থেকে এ মহড়ায় অংশগ্রহণ করবেন।

মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন আরও বলেন, আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশ অংশ নিচ্ছে।

অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য বলে জানান খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন।

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান তিনি।

মহড়া শেষে যুদ্ধ জাহাজ 'ওমর ফারুক ' আগামী ৬ মার্চ দেশে প্রত্যাবর্তন করবেন।