কলাবাগানে হোটেলের রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

রাজধানীর কলাবাগান থানার স্কয়ার হাসপাতাল সংলগ্ন ক্যাফে আল বারাকা হোটেলের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার কর্মচারীসহ ৬ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগানের স্কয়ার হাসপাতাল সংলগ্ন ক্যাফে আল বারাকা হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- সরোয়ার হোসেন (১৬), মো. তামিম (১৭), মো. রায়হান (১৫) ও মোহাম্মদ ফয়সাল আহম্দে (১৫), বাবুর্চি মো. সবুজ ওরফে ফরহাদ চৌধুরী (১৮) ও মো. নাহিদ।

শেখা হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস, এম আইয়ুব হোসেন বাসসকে জানান, এখানে ৪ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দু’জনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, আগুনে দগ্ধদের হাত, মুখ, পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

দুর্ঘটনার পরপরই কলাবাগান থানা পুলিশ, র‌্যাবসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পৌঁছে আলামত সংগ্রহ করে।