ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত, রাষ্ট্রপতির কাছে জমা বৃহস্পতিবার

নির্বাচন কমিশন গঠনে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে নামগুলো জমা দেওয়া হবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রায় চার ঘণ্টা বৈঠক শেষে নাম চূড়ান্ত করার কথা জানানো হয়। তবে নামগুলো প্রকাশ করেনি কমিটি।

প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আজ সার্চ কমিটি তাদের বৈঠক শেষ করে ১০ জনের নাম ফাইনাল করেছে। তারা আগামীকাল বা পরশু দিন মহামান্য রাষ্ট্রপতির কাছে এটা জমা দেবেন। উনাদের মিটিং শেষ, সিলেকশনও শেষ; সব কিছু উনারা ফাইনাল করে ফেলেছে।

তিনি জানান, রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দেওয়ার পর তিনি যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তালিকা জমা দেবেন কমিটি।

আগের ঘোষণা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিএসই) ও নির্বাচন কমিশন গঠনে এদিন প্রস্তাবিত নামের সংক্ষিপ্ত তালিকা থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে বিকাল সাড়ে ৪টায় বৈঠকে বসেন কমিটির সদস্যরা।

সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এদিনের বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নেন।

১০ জনের এ তালিকা থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সদ্যবিদায়ী সিইসি কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হয় গত ১৪ ফেব্রুয়ারি।