স্ত্রীকে গাড়িতে উঠিয়ে ফেরার পথে নৌবাহিনী কর্মকর্তা ট্রাকচাপায় নিহত

মোংলা-খুলনা মহাসড়কের চুলকাঠী এলাকায় ট্রাকচাপায় মোংলার দিগরাজ নৌঘাঁটির সাব/সেকেন্ড লেফটেন্যান্ট মো. ফিরোজ কবির নিহত হয়েছেন। 

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে এ মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাওয়ার পথে মহাসড়কের চুলকাঠী বাজারে পৌঁছালে বিপরীত থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

খবর পেয়ে  কাটাখালী হাইওয়ে পুলিশ, চুলকাঠী পুলিশ ফাড়ি ও মোংলার দিগরাজ নৌঘাটির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

নিহত ফিরোজ কবির দিগরাজ নৌঘাঁটির বিএনএস রূপসা জাহাজে সেকেন্ড লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে তার স্ত্রীকে কাটাখালী থেকে গাড়িতে উঠিয়ে দিয়ে মোংলায় ফিরছিলেন তিনি। 

চুলকাঠী পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ওলিয়ার রহমান বলেন, কাটাখালী থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা ফিরোজ কবির। চুলকাঠী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকার চাপায় ফিরোজের মাথা থেঁতলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও নৌবাহিনীর কর্মকর্তাসহ সদস্যরা রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।