টিকা নিতে গিয়ে ধাক্কাধাক্কি আহত ১৫

সাভারে গণটিকা নিতে গিয়ে ধাক্কাধাক্কিতে অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাপ্রত্যাশীদের লাঠিপেটা করেছে পুলিশ।

সরেজমিন দেখা যায় কেন্দ্রে টিকাপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়। টিকা দিতে হিমশিম খাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা। সকাল থেকে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়ে হঠাৎ অপেক্ষমাণদের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশৃঙ্খলা রোধে হ্যান্ডমাইকে সবাইকে শান্ত থাকতে বলে। কিন্তু তারপরও উপস্থিত জনতা ভিড় ঠেলে টিকাকেন্দ্রের ভেতরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভিড়ের মধ্যে পড়ে ও হাতাহাতির কারণে স্বাস্থ্যকর্মীসহ টিকা নিতে আসা বেশ কয়েকজন আহত হন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, ‘হাজার হাজার মানুষ এসেছে। হুড়োহুড়িতে আমাদের এখানে তিনজন কর্মী আহত হয়েছেন। তারা হাসপাতালে আছেন। সবাইকে সুশৃঙ্খলভাবে থাকতে বলা হয়েছে। এখানে যারা এসেছে সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে। কেন্দ্রের স্থান বাড়ানো যায় কি না এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে জায়গা বাড়িয়েছি। আমিনবাজার, ইপিজেডসহ কিছু কারখানা ও অন্যান্য জায়গায় টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। আমরা মানুষকে জানিয়ে দিয়েছি। তারা যদি ধৈর্য সহকারে আসে এটা কোনো বিষয় নয়। কিছু মানুষ বিশৃঙ্খলা না করলে এমন হতো না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেজন্য কাজ করছে। সবাই আন্তরিক হলেই যেকোনো অতিমারী নিয়ন্ত্রণ করা সম্ভব।’