রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ ছয়জন

রাজধানীর কলাবাগানে গতকাল মঙ্গলবার সকালে ক্যাফে আল বারাকা নামের একটি রেস্টুরেন্টের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন।

তারা হলেন মো. ফারহান (২০), মো. ফয়সাল আহমেদ (১৫), সবুজ (৩০), নাহিদ (২২), সরোয়ার হোসেন (২০) ও মো. তামিম (১৭)। তাদের মধ্যে চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি দুজনকে স্কয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে সরোয়ার হোসেনের শরীরের ১৫, তামিমের ২, ফারহানের ২ ও ফয়সালের ১ শতাংশ দগ্ধ হয়েছে। রেস্টুরেন্টের ম্যানেজার হাবিবুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে যান।