কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পার্শ্ববর্তী রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গাছ দিয়ে রাস্তা অবরোধ করেন তারা।
পরে সড়ক অবরোধ তুলে নিলেও তারা রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষার্থীদের অবরোধে একাত্মতা জানায় সালমানপুর এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তা সংস্কারের কাজ শুরু হয় গত বছরের আগস্ট মাস থেকে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় পিকনিক স্পট থাকায় সব সময় চলাচল করে ভারী যানবাহন। ফলে রাস্তার ধুলাবালির কারণে মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীরা। আশপাশের মেস এবং হলের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে ক্যাম্পাসে যাতায়াত করেন। রাস্তার পাশে রয়েছে খাবারের হোটেল ও মুদির দোকান।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ইমাম হোসেন মাসুম বলেন, ‘রাস্তা মেরামত করার নামে পুরো রাস্তা খুঁড়ে বেহাল অবস্থা করেছে কর্তৃপক্ষ যার কারণে ধুলাবালির আখড়া হয়ে পড়ে আছে এই রাস্তা। শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে চলাচল করতে গেলে ধুলাবালির ভোগান্তিতে পড়ে। আমরা চাই, এর একটা সমাধান হোক। একটা সমাধান না হওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা অবরোধ চালিয়ে যাব।’
হাজী তোতা মিয়া নামে এক এলাকাবাসী বলেন, রাস্তায় ধুলাবালির কারণে আমাদের চলাফেরা করতে কষ্ট হয়। যত দ্রুত সম্ভব ঠিকাদাররা যেন রাস্তার কাজ শেষ করে আমাদের ভোগান্তি থেকে মুক্তি দেয়।
প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দীন বলেন, এ রাস্তা আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ না। তাই চাইলেও আমরা সহজে কিছু করতে পারব না। এখন আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ-আলোচনা করে দ্রুত শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানের চেষ্টা করব।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আমি বিষয়টি নিয়ে ইউএনওকে জানাব, স্যার যে ব্যবস্থা নেন সেটাই হবে।