‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’ এই স্লোগান নিয়ে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ২০২২। আগামী ৪ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী এই উৎসবে দেখানো হবে ১৩০টি দেশের ৪১৪টি সিনেমা।
উৎসবের মূল ভেন্যু শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তন ও চিত্রশালা মিলনায়তন। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা মোট ৪টি করে প্রদর্শিত হবে। এছাড়া জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভে উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এবারের উৎসবে হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হবে চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল ও মানযারে হাসীন মুরাদকে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উৎসবের আয়োজক বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী। আরও উপস্থিত ছিলেন উৎসব চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ, প্রামাণ্যচিত্র নির্মাতা মানযারে হাসীন মুরাদ, জাহিদুর রহিম অঞ্জন, জুনায়েদ আহমেদ হালিম, জহিরুল ইসলাম কচি। সঞ্চালনা করেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।
আয়োজকেরা জানান, উৎসবে বাংলাদেশসহ ১৩০টি দেশের ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে কান, বার্লিন, অকার, সানড্যান্স, লোকার্নো ও বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৬০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
উৎসবের অন্যান্য আয়োজনের মাঝে থাকছে বাংলাদেশ প্যানোরমা, আলমগীর কবির মেমোরিয়াল লেকচার, জাতীয় চলচ্চিত্র সংলাপ, আজীবন সম্মাননা প্রদান, ভারতীয় চলচ্চিত্রকার আর ভি রামানির রেট্রোস্পেক্টিভ এবং মাস্টারক্লাস, সেমিনার, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র অধিবেশন।
প্রতিবারের ন্যায় এবারের উৎসবেও প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহের মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে মোট তিনটি পুরস্কার প্রদান করা হবে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।