চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত তিন যুবকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চাইলে স্বজনদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে উঘারিয়া পুলিশ তদন্তকেন্দ্র থেকে নিহতদের মরদেহ শাহরাস্তি থানায় নেওয়ার পথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে প্রাইভেটকার দুর্ঘটনায় মনোহরগঞ্জের হাসনাবাদ এলাকার তিন যুবক নিহত হন। ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ নিতে স্বজনেরা প্রশাসনের কাছে আবেদন জানান। কিন্তু প্রশাসন লাশ দিতে রাজি হয়নি। ফলে তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এ সময় তারা স্থানীয় বাজারের বিভিন্ন দোকানপাট ভাঙচুর চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় আত্মীয়-স্বজনরা বাধা প্রদান করেন। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার দাবি জানান। এতে রাজি না হওয়ায় মরদেহ নিয়ে যাওয়ার সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
‘প্রায় আধা ঘণ্টা এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ৩ জনের মরদেহ নিয়ে থানায় চলে এসেছে। ময়নাতদন্ত শেষেই মরদেহ হস্তান্তর করা হবে। এ সময় দুজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পেয়েছি। তারা এখন চিকিৎসাধীন আছেন।’
তিনি জানান, আমি ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
অপরদিকে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।