বুস্টার ডোজে শতভাগ শরীরে অ্যান্টিবডি: বিএসএমএমইউ

করোনা টিকার বুস্টার বা তৃতীয় ডোজ গ্রহণের পর শতভাগের শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি পাওয়া গেছে। শরীরে অ্যান্টিবডির মাত্রা পুনরায় বৃদ্ধি পেয়ে গড় অ্যান্টিবডির মাত্রাও বেড়েছে এবং শরীরে রক্তের প্যারামিটারগুলোতে (হিমোগ্লোবিন, প্লেটলেটসহ অন্যান্য) উল্লেখযোগ্য কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি।

প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ গ্রহণকারী ২২৩ জনের ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

এ ব্যাপারে বিএসএমএমইউ উপাচার্য ও গবেষণা দলের প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বুস্টার ডোজ গ্রহণের প্রয়োজনীয়তা ও কার্যকারিতার প্রমাণ গবেষণায় উঠে এসেছে। ভবিষ্যতে নির্দিষ্ট সময় অন্তর বুস্টার ডোজ প্রয়োগের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য সমসাময়িক গবেষণার প্রয়োজন। পাশাপাশি প্রযোজ্য সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধির যথাযথ অনুসরণ নিশ্চিত করা অপরিহার্য।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউয়ের উপাচার্য গবেষণার ফল তুলে ধরেন।

গবেষণা প্রকল্পটিতে সহ-গবেষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ।

গবেষণায় দুই ডোজ টিকা নেয়ার ১ মাস ও ৬ মাস পর এবং বুস্টার ডোজ নেয়ার ১ মাস পর শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়।

গবেষণায় জানা যায়, টিকা নেয়ার এক মাস পর প্রথম ধাপে ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে এবং যারা আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন, তুলনামূলকভাবে তাদের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি ছিল বেশি। তবে টিকা নেয়ার ছয় মাসের মধ্যে অধিকাংশের শরীরেই অ্যান্টিবডির পরিমাণ কমেছে। তাদের ৭৩ শতাংশের অ্যান্টিবডির মাত্রা গড় অ্যান্টিবডির মাত্রা ৬৪৯২ এইউ/এমএল থেকে ৩৯৬৩ এইউ/এমএল-তে নেমে এসেছে। এ সময় দুজন টিকাগ্রহীতার শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি পাওয়া যায়নি।

গবেষণায় অংশ নেওয়া টিকাগ্রহীতাদের অধিকাংশই স্বাস্থ্য সেবার কাজে জড়িত ছিলেন। তাদের অর্ধেকেরও বেশি আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানীসহ অন্যান্য রোগে ভুগছিলেন।

তবে এসব রোগের কারণে অ্যান্টিবডি তৈরিতে কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি।

গবেষণায় আরো দেখা গেছে, টিকা নেয়ার পর ৪২ শতাংশের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তবে তাদের কারোর মধ্যেই রক্ত জমাট বাঁধা বা অন্য কোনো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।