জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলা পুলিশ মিটার চোরচক্রের সাত, মোটরসাইকেল ছিনতাই ও চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁঞা।
গ্রেপ্তার মিটার চোরচক্রের সদস্যরা হলো জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামের মাহফুজার রহমান, কাথাইল গ্রামের জয়নাল হাজারী, মাত্রাই গ্রামের জাকারিয়া, আরিফ শেখ, সুজাউল মিয়া, দেওগ্রামের আঞ্জুমান ও হাটশিকা গ্রামের কানাই চন্দ্র মহন্ত। মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা হলো পাঁচবিবি উপজেলার ফকিরপাড়া গ্রামের তুহিন হোসেন, নাদিম হাসান, শাওন হোসেন ও মুন্সিপাড়া গ্রামের লাবিব হাসান।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলাসহ পাশর্^বর্তী বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের বাণিজ্যিক ও সেচপাম্পের মিটার চুরি করে গ্রাহকদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এ ছাড়া মোটরসাইকেল চোর ও ছিনতাইকারীরা যেকোনো মোটরসাইকেল চালু করার উপযোগী চাবি তৈরি করে জয়পুরহাট ও পাশর্^বর্তী কয়েকটি জেলায় মোটরসাইকেল চুরি ও ছিনতাই করে আসছিল। এমন অভিযোগ ও মামলার ভিত্তিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের চার ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিটার চোরচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে।