সংবাদ সম্মেলনে বাম জোট

সিন্ডিকেটের কারসাজিতে পণ্যের দাম বৃদ্ধি

নিত্যপণ্যের দামের টানা ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। তাদের দাবি, সরকারের সঙ্গে যোগসাজশে অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছে। এমন পরিস্থিতিতে বাজার সিন্ডিকেটের কর্মকাণ্ড রোধ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতে আগামী মাসে বিক্ষোভ-সমাবেশ ও হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জোটটির শীর্ষ নেতারা। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার পরিচালনায় শাসক দল আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক জোর না থাকায় ক্রমে নৈরাজ্যের বিস্তার ঘটছে।’