ইউক্রেনের বিমানবন্দর, সামরিক বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলা থেকে বাদ যায়নি রাজধানী কিয়েভের বিমানবন্দর ও সামরিক সদর দপ্তর।
রুশ হামলার মুখে রাজধানী ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। হামলার পর কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, মহাসড়কগুলোতে শহর ছেড়ে পালাতে থাকা মানুষের গাড়ির ভিড়।
মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরেই দেশটিতে বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় বলে খবরে জানানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আতঙ্ক প্রকাশ করে জানিয়েছেন, তারা বোমা হামলা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্র এবং বেসমেন্ট আশ্রয় নিচ্ছেন।
কিয়েভে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটে জানান, রাস্তায় অপেক্ষাকৃত কম লোকজন দেখা যাচ্ছে এবং তাদেরকে এটিএম বুথে লাইন দিতে দেখা যাচ্ছে।