আর কোনো রাখঢাক নেই, সরাসরি ইউক্রেন অভিযানে সেনা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পরিস্থিতিতে যে কোনো ত্যাগ স্বীকারেও প্রস্তুত তিনি।
ইউক্রেনের নিরাপত্তা পরিষদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ডেইলি মেইল জানায়, রাশিয়া যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত রেখেছে ৪৫ হাজার ‘বডি ব্যাগ’।
নিরাপত্তা পরিষদের সুপারিশ মেনেই বৃহস্পতিবার থেকে জরুরি অবস্থা জারি হয়েছে ইউক্রেনে। যুদ্ধক্ষেত্রে যেতে প্রস্তুত থাকতে বলা হয়েছে ২ লাখ সেনাকে। সীমান্তে কড়াকড়ি আরও অনেক বাড়ানো হয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা পরিষদের দাবি, শুধু সেনা নয়, সীমান্তে ‘বডি ব্যাগ’ জড়ো করতে শুরু করেছে রাশিয়া। মৃতদেহ স্থানান্তরিত করার জন্য এই ধরনের প্লাস্টিকের ‘বডি ব্যাগ’ ব্যবহার করা হয়।
এক কর্মকর্তা জানান, তাদের কাছে খবর রয়েছে যে, ৪৫ হাজার ব্যাগ সীমান্তে এনে রেখেছে রুশ সেনা। তার কথায়, ‘তার মানে ৪৫ হাজার রুশ সেনাকে বলি দিতে প্রস্তুত রয়েছেন পুতিন।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছিলেন, ইউক্রেন সীমান্তে বিপুল পরিমাণ রক্ত মজুত করছে রুশ সেনাবাহিনী।