জয়পুরহাটে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম ডুগডুগি গ্রামের নিহত আব্দুর রহিমের স্ত্রী আকলিমা খাতুন, একই উপজেলার শালগ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সেলিম মিঞা ও গোপালপুর গ্রামের মৃত গোলাপ রহমানের ছেলে আইনুল।
মামলার বিবরণে জানা যায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম ডুগডুগি গ্রামের মাইক্রোবাস চালক রহিম বাদশার স্ত্রী আকলিমা খাতুনের সাথে তার সহকারী সেলিম মিয়া পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায় সেলিম ও আকলিমার যোগসাজশে তাদের পথের কাটা দূর করতে ২০১৬ সালের ১০ জুলাই মাইক্রোবাস ভাড়ার কথা বলে পাঁচবিবি উপজেলার বারোকান্দি এলাকায় নিয়ে গিয়ে রাস্তার ধারে গভীর রাতে প্রেমিক সেলিম মিয়া ও তার বন্ধু আইনাল হোসেন রহিম বাদশাকে মাইক্রোবাসের মধ্যে গলা কেটে হত্যা করে ফেলে যান।
সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা শাহাদত হোসেন সাদা বাদী হয়ে পরের দিন পাঁচবিবি থানায় অজ্ঞাতনামা মামলা করার পর পুলিশ তদন্ত করে ওই বছরের ১৭ ডিসেম্বর ৩ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার বিচারক এ রায় দেন।
এ সময় ৩ আসামির মধ্যে সেলিম মিঞা ও আইনাল আদালতে উপস্থিত ছিলেন অপর আসামি অনুপস্থিত ছিলেন।