হাজং-বাংলার ফিউশনে শুরু ‘কোক স্টুডিও বাংলা’

কোক স্টুডিও বাংলার প্রথম গানে সংমিশ্রণ ঘটেছে হাজং ও বাংলা ভাষার গানের। ‘নাসেক নাসেক’ শিরোনামের গানটি গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।

বুধবার রাতে কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

আয়োজক কোকাকোলা বাংলাদেশ জানায়, ‘নাসেক নাসেক’ গানটি ‘বাংলার বারো মাসে তেরো পার্বণের চেতনাকে তুলে ধরে বলে মনে করেন তারা। ভাষার মাসে হাজং ভাষার পাশাপাশি সব আদিবাসীদের ভাষার প্রতি সম্মান প্রদর্শন করে গানটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দেশের পরিচিত লোকসংগীত ‘দোল দোল দুলুনি’ গানটিও রাখা হয়েছে এতে। মূলত, দুটি মিলিয়ে নতুন ফিউশনটি করা।

‘নাসেক নাসেক’ গানের হাজং ভাষার অংশটি গেয়েছেন অনিমেষ রায় আর ‘দোল দোল দুলুনি’ অংশটি এসেছে পান্থ কানাইয়ের কণ্ঠে। ‘নাসেক’ হাজং ভাষার শব্দ। এর বাংলা অর্থ ‘নাচো’। অনিমেষ রায় তার মাতৃভাষায় অর্থাৎ হাজং ভাষায় লিখেছেন এটি। আর আব্দুল লতিফের লেখা ‘দোল দোল দুলুনি’ গানটির মূলশিল্পী আব্দুল আলীম।

নতুন কাজটির সংগীতায়োজন করেছেন আদিত। প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।