রুশ হামলার মুখে ইউক্রেনের সেনারা অস্ত্র ফেলে পালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোরে রাশিয়ার হামলা শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেনের সৈন্যরা পিছু হটছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাবি করেছে রাশিয়া।
রাশিয়ান বার্তাসংস্থা তাস বলছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সৈন্য এবং অন্যান্য সদস্যরা অস্ত্র ফেলে তাদের অবস্থান ত্যাগ করছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর যে সদস্যরা অস্ত্র ফেলে দিয়ে পিছু হটেছেন তাদের ওপর কোনো হামলা চালানো হয়নি।
এদিকে, রাশিয়ার স্বাধীনতার স্বীকৃতি পাওয়া ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক বলেছে, ইউক্রেনের ৫৭তম মোটরচালিত পদাতিক ব্রিগেড রুশ সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আক্রমণ শুরুর প্রথম এক ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, ইউক্রেনে বলছে, পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত ৫০ দখলদার সৈন্য নিহত হয়েছেন।
এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি যুদ্ধ বিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। পরবর্তীতে আরও একটি বিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয়।