যুক্তরাষ্ট্রের আগে ঢাকায় ‘ব্যাটম্যান’, পাওয়া যাচ্ছে অগ্রিম টিকিট

যুক্তরাষ্ট্রে মুক্তির একদিন আগেই ৩ মার্চ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ম্যাট রিভস পরিচালিত সুপারহিরো ছবি ‘দ্য ব্যাটম্যান’। সেন্সর ছাড়পত্র সাপেক্ষে তার এদিন ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

চাহিদা ও দর্শকের সুবিধার কথা বিবেচনা করে এর মধ্যে অগ্রিম বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠানটির সবগুলো শাখায় টিকিট উন্মুক্ত করা হয়েছে।

বিশ্বজুড়ে অগণিত চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় সুপারহিরো ডিসি কমিকসের ব্যাটম্যান। এবার পর্দায় আসছে নতুন রূপে। ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে যায় ভক্তদের মধ্যে।

এবার আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা আলাদা হতে চলেছে সবকিছু। এর আগে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’ দেখে মানুষ প্রেমে পড়ে গিয়েছিলেন ক্রিশ্চিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) ও গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন)-এর।

তাই নতুন ব্যাটম্যান ছবিটি নিয়ে অনেক জল্পনা ছিল মানুষের মনে। কারণে ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’র পর বেন অ্যাফ্লেক অভিনীত ব্যাটম্যান চরিত্রটি ততটা সাড়া পায়নি। ক্রিশ্চিয়ান বেল ও বেন অ্যাফ্লেক ছাড়াও ব্যাটম্যানের পোশাক গায়ে দিয়েছেন জর্জ ক্লুনি, মাইকেল কিটন ও ভাল কিলমার। আর এবারের ছবিতে রয়েছেন রবার্ট প্যাটিনসন।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’, ‘টোয়াইলাইট’, ‘রিমেমবার মি’ ছবিতে এর আগে দর্শক দেখেছে রবার্ট প্যাটিনসনকে।

ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে। প্যাটিনসনের কণ্ঠে শোনা যায়, ‘ভয় একটি হাতিয়ার। যখন আলো আকাশে আঘাত করে, এটি কেবল কোনো বার্তা নয়, সতর্কবার্তা।’

‘দ্য ব্যাটম্যান’ ছবিটি শুরু থেকেই আলোচনায়। সিনেমার শুটিং শুরু হওয়ার পরে বিপত্তি বাধে রবার্ট প্যাটিনসনকে নিয়ে। পরিচালক ম্যাট রিভসের সঙ্গে অনেক বিষয় নিয়ে শুটিং সেটে দ্বিমত পোষণ করেন তিনি। শোনা গিয়েছিল সিনেমাটি দেখে খুশি হতে পারেননি ওয়ার্নার ব্রাদার্সও। ‘ব্যাটম্যান’ ভক্তরাও প্রথমে এই চরিত্রে রবার্ট প্যাটিনসনকে মেনেই নিতে পারেননি। সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে। তবে ট্রেলার প্রকাশ পাওয়ার পরে এই চরিত্রে অভিনেতার যোগ্যতা নিয়ে ভক্তদের সংশয় অনেকটাই কেটে গেছে। এবারে দেখার বিষয়, আশা পূরণ করার কতটা ক্ষমতা রাখে নতুন ছবিটি।